ঢাকায় আজ থেকে ‘শতবর্ষে নীলিমা ইব্রাহিম নাট্যোৎসব’

প্রকাশিত November 10, 2021
ঢাকায় আজ থেকে ‘শতবর্ষে নীলিমা ইব্রাহিম নাট্যোৎসব’

বাংলাদেশ মহিলা সমিতির প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ ও নারী জাগরণের অগ্রদূত ড নীলিমা ইব্রাহিমের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় পাঁচ দিনব্যাপী ‘শতবর্ষে নীলিমা ইব্রাহিম নাট্যোৎসব ২০২১’ বুধবার থেকে শুরু হচ্ছে।
নাট্যোৎসবের প্রথম দিন মঞ্চায়ন হবে ঢাকা থিয়েটারের নাটক ‘নিমজ্জন’। প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীন রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। বিশ্ব গণহত্যার কাহিনী ও দৃশ্যচিত্রের সমন্বয়ে ‘নিমজ্জন’ নাটক গড়ে উঠেছে।
এছাড়া ১১ নভেম্বর নাট্যচক্র ‘একা এক নারী’, ১২ নভেম্বর আরণ্যক নাট্যদল ‘কহে ফেসবুক’, ১৩ নভেম্বর থিয়েটার ‘মেরাজ ফকিরের মা’ ও ১৪ নভেম্বর লোক নাট্যদল ‘কঞ্জুস’ মঞ্চায়ন করবে। প্রদর্শনী প্রতিদিন সন্ধ্যা ৭টায়।
মঙ্গলবার সন্ধ্যায় বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বাংলাদেশ মহিলা সমিতি আয়োজিত নাট্যেৎসবের উদ্বোধন করেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, নাট্যজন আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড ভীষ্মদেব চৌধুরী, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন, মহিলা সমিতির সভাপতি সিতারা আহসানউল্লাহ। স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা সমিতির সাধারণ সম্পাদক তানিয়া বখ্ত। সবশেষে ছিল সাংস্কৃতিক আয়োজন।
ড নীলিমা ইব্রাহিম ১৯২১ সালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে জন্মগ্রহণ করেন। অসীম সাহস দিয়ে বৈরী সমাজ ও সময়কে নিজের অনুকূলে এনে তাকে শান্ত, সুন্দর, শান্তিময় করে তোলার সাধনায় আজীবন ব্রতী ছিলেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার, জয় বাংলা পুরস্কার (ভারত), মাইকেল মধুসূদন পুরস্কার ও বেগম রোকেয়া পদকসহ অসংখ্য সম্মাননা।-সংবাদ বিজ্ঞপ্তি