ড আকবর আলি খান নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে হবিগঞ্জবাসী শ্রদ্ধায় নত হন

প্রকাশিত September 11, 2022
ড আকবর আলি খান নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে হবিগঞ্জবাসী শ্রদ্ধায় নত হন

এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : একাত্তরে হবিগঞ্জের ট্রেজারি থেকে অস্ত্র, ব্যাংক থেকে ৩ কোটি টাকা ও খাদ্যগুদাম খুলে দিয়ে মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রেখেছিলের ড আকবর আলি খান। এ জন্য পাকিস্তান সরকার তাকে তার অনুপস্থিতিতে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল। অন্যদিকে তিনি তখন মুজিবনগর সরকারের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ নিয়ে গর্ববোধ করেন হবিগঞ্জবাসী। কারণ ড আকবর আলি খান ছিলেন তৎকালীন হবিগঞ্জ মহকুমা প্রশাসক; কিন্তু দেশমাতৃকার এই বীর সন্তান পাকিস্তানি শাসকচক্রের সকল নির্দেশ অমান্য করে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।
ড আকবর আলি খানের সেই সময়ের সাহসী ভূমিকা হবিগঞ্জে প্রতিরোধ যুদ্ধের সূচনা করেছিল। তাই এ নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গে হবিগঞ্জবাসী শ্রদ্ধায় নত হন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও প্রখ্যাত অর্থনীতিবিদ ড আকবর আলি খানের মৃত্যুতে হবিগঞ্জে আয়োজিত শোকসভায় এই বিষয়গুলো বিভিন্নজনের স্মৃতিচারণে বার বার উঠে আসে।
যে কালেক্টরেটে থেকে ড আকবর আলি খান অস্ত্রাগার খুলে দেওয়াসহ অন্যান্য নির্দেশনায় স্বাক্ষর করেছিলেন সেই হবিগঞ্জ কালেক্টরেট রবিবার বিকেলে এ শোকসভার আয়োজন করে। আয়োজনটি জেলা প্রশাসনের হলেও রাজনীতিবিদ থেকে শুরু করে বীর মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্ম পর্যন্ত তাতে যোগ দেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম জুয়েল, মিয়া মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট সালেহ উদ্দিন, আব্দুস শহিদ, সফিকুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শাহ জয়নাল আবেদীন রাসেল ও পল্লব কান্তি দাশ পল্লব।
এর আগে ড আকবর আলি খানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।