বিশেষ প্রতিবেদক : পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এমপি বলেছেন, কুশিয়ারা নদীর ভাঙনর রোধ করতে ৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একনেকের সভায় অনুমোদন হলেই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। কাজ শেষে কুশিয়ারা তীরের মানুষ সুফল ভোগ করবেন।
বৃহস্পতিবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর ভাঙন কবলিত এলাকা নৌকাযোগে পরিদর্শন শেষে ফেঞ্চুগঞ্জ ডাকবাংলো প্রঙ্গণে এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ তথ্য জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুলের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনহার মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ ও জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন। তাই তাদের বাসযোগ্য বিশ্বমানের সুবিধা সম্বলিত বাংলাদেশ গড়তে চান। এ জন্যেই ডেল্টাপ্লান-২১০০ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। এই মহাপরিকল্পনার সিংহভাগই পানিসম্পদ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। তখন দেশে নদীভাঙন ও জলাবদ্ধতার মতো কোনো সমস্যাই থাকবে না।
পরিদর্শনকালে পানিসম্পদ উপমন্ত্রীর সঙ্গে ছিলেন, ফেঞ্চুগঞ্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার ও সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ সহ জনপ্রতিনিধি এবং স্থানীয় আওয়ামী লীগ ও অং সংগঠনের নেতাকর্মীরা।