ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করা ৮টি মহিষ উদ্ধার ট্রাক আটক ৩ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত June 2, 2024
ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করা ৮টি মহিষ উদ্ধার ট্রাক আটক ৩ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ-ডিবি পরিচয়ে ছিনতাই করা ৮টি মহিষ উদ্ধার ও একটি ট্রাক আটক করেছে। এ সময় ৩ ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়।
শনিবার, ১ জুন জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার থেকে টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার হারুন নামের এক ব্যক্তি ৮টি মহিষ কিনে একটি ট্রাকে করে বিকেল সোয়া ৩টার দিকে রওয়ানা দেন; কিন্তু শ্রীরামপুর থেকে প্যারাইচকগামী বাইপাস সড়কে পৌঁছামাত্র সামনে ‘পুলিশ কার্ড’ লেখা একটি সাদা রঙের নোহা গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৪-৬৮৪১) যোগে ৮ ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকের গতিরোধ করে।
পরে তারা ট্রাকের চারদিকে ঘিরে ফেলে এবং আজিজ নামের তাদের একজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ট্রাকচালকের নিকট হতে ট্রাকের কাগজপত্র ও মহিষ ক্রয় সংক্রান্ত কাগজপত্র ছিনিয়ে নেয়। অন্য ৬ জন ট্রাকচালক ও তার সহকারীকে জোরপূর্বক নোহা গাড়িতে তুলে জিম্মি করে। অপর ২ জন আজিজ ও ফারুক মহিষসহ ট্রাকটি ছিনতাই করে গোলাপগঞ্জ থানার দিকে পালিয়ে যায়।
খবর পেয়ে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই (নি) মুকুল আহমদ সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় জনতার সহায়তায় শিববাড়ি এলাকায় প্রগতি সিএনজি পাম্পের পাশে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়িসহ ৩ ছিনতাইকারী মো মহিউদ্দিন (৪২, পিতা সাকির আহমদ, ইসমাইল হাজির বাড়ি, ইছানগর, কর্ণফুলী, চট্টগ্রাম), মো তৌহিদুল ইসলাম তৈয়ব (২৪, পিতা মৃত ইসলাম মিয়া, দক্ষিণ শ্রীপুর, রামু, কক্সবাজার, বর্তমান ঠিকানা ইছানগর, বিএফডিসি মুখের পাশে, জসিমের বাড়ির ভাড়াটিয়া, কর্ণফুলী, চট্টগ্রাম) ও মো গোলাম মোস্তফা রুবেলকে (২৮, পিতা মৃত জয়নাল আবেদীন, বাসিয়াপাড়া, বানিয়াচং, হবিগঞ্জ, বর্তমান ঠিকানা ভাতালিয়া মসজিদের পাশে, নাসিরের কলোনি, কোতোয়ালি, সিলেট) আটক করেন। তবে অপর ৩ ছিনতাইকারী পালিয়ে যায়।
অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে গোলাপগঞ্জ উপজেলার বইটিকর বাজার হতে ছিনতাই হওয়া ট্রাক ও মহিষগুলো উদ্ধার করেন; কিন্তু ছিনতাইকারীরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা রুজু করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী