ডিজিটাল বাংলাদেশের পথ ধরেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কাজ চলছে : বিভাগীয় কমিশনার

প্রকাশিত April 27, 2023
ডিজিটাল বাংলাদেশের পথ ধরেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কাজ চলছে : বিভাগীয় কমিশনার

হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ডিজিটাল বাংলাদেশের পথ ধরেই এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কাজ চলছে। এখন দেশে সাড়ে ৮ হাজার ইউডিসির মাধ্যমে ২০০ ধরনের সরকারি সেবা পাচ্ছেন নাগরিকরা। স্মার্ট বাংলাদেশে মানুষের সেবার ক্ষেত্র যেমনি বৃদ্ধি পাবে তেমনি সেবা পাওয়া আরও সহজ হয়ে যাবে।
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ-২০২৩ উপলক্ষে স্মার্ট হবিগঞ্জ বিনির্মাণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
হবিগঞ্জ সার্কিট হাউস সভা কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বক্তব্য রাখেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ সাদিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো নূরুল ইসলাম।
সেমিনারে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।