নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন হত্যামামলার আসামি ইসমাইলকে গ্রেফতার করেছে।
গত ১০ জুলাই রাতে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ইকবাল হোসেন রিপন দুষ্কৃতকারীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। এই ঘটনায় পরদিন তার স্ত্রী বাদি হয়ে এসএমপির দক্ষিণ সুরমা থানায় ইসমাইল সহ কয়েকজনকে আসামি করে হত্যামামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি র্যাব-৯ অভিযানে নামে।
এর ফলশ্রুতিতে শুক্রবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, স্পেশাল কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপির মোগলাবাজার থানাধীন দাউদপুর এলাকা থেকে পলাতক আসামি ইসমাইলকে (৩০) গ্রেফতার করে।
র্যাব-৯ জানায়, ইসমাইল দক্ষিণ সুরমার বরইকান্দির ফরিদ মিয়ার ছেলে। তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিতে ইচ্ছুক থাকায় তাকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।