টেকসই ব্যবস্থাপনায় উন্নত দেশ গড়ায় কাজ করতে হবে : পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক

প্রকাশিত October 8, 2022
টেকসই ব্যবস্থাপনায় উন্নত দেশ গড়ায় কাজ করতে হবে : পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড আবদুল হামিদ টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে রূপান্তরে সবাইকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন।
শনিবার সকালে পরিবেশ অধদপ্তর, সিলেট বিভাগীয় কর্যালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনার অফিসের সম্মলন কক্ষে পরিবেশগত মান উন্নয়ন বিষয়ে অংশীজনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
মহাপরিচালক বলেন, পরিবেশ সংরক্ষণে শিল্প-কারখানার প্রতিনিধিদেরকে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে।
তিনি শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ ও একবার মাত্র ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন।
ড আবদুল হামিদ উল্লেখ করেন: প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের অন্যতম হলো পরিবেশ সুরক্ষা।
তিনি সতর্ক করে দেন, মানুষের জীবন একটি। শব্দ দূষণে কারও শ্রবণশক্তি কমে গেলে তা আর ফিরে পাওয়া যাবে না। তাই পরিবেশ সুরক্ষার বিকল্প নেই।
সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন।
তিনি বলেন, শিল্প-কারখানার মালিকরা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের অবদানে দেশ এগিয়ে যাচ্ছে। তবে সবাইকে পরিবেশ রক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন শিল্প-কারখনার প্রতিনিধি, ইটভাটার মালিক, সুশীল সমাজের প্রাতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে সিলেটের বিশ্বনাথ উপজেলায় গঠিত গ্রীন ক্লাব সদস্যদের সঙ্গে আলাদা একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি