‘টিকটক সেতু’ নামে দারুণ জনপ্রিয় বিবিয়ানা নদীর বিশাল বক্ষে গড়ে উঠা রানীগঞ্জ সেতু

প্রকাশিত June 30, 2023
‘টিকটক সেতু’ নামে দারুণ জনপ্রিয় বিবিয়ানা নদীর বিশাল বক্ষে গড়ে উঠা রানীগঞ্জ সেতু

বিশেষ প্রতিবেদক : সিলেট মহানগরীর কাজীরবাজার এলাকায় সুরমা নদীর উপর নির্মিত সেতুটির প্রকৃত নাম কাজীরবাজার সেতু; কিন্তু পরিচিতি পেয়েছে ‘সেলফি ব্রিজ’ নামে। কারণ প্রতিদিন এখানে ছুটে আসা নানা বয়সের মানুষেরা পড়ন্ত বিকেলের অপরূপ রূপলাবণ্য সহ সেলফিতে নিজেদের ধরে রাখতে ব্যস্ত সময় কাটান।
একইভাবে ‘টিকটক সেতু’ নামে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে বিবিয়ানা নদীর বিশাল বক্ষে গড়ে উঠা রানীগঞ্জ সেতু। প্রতিদিন এখানে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন টিকটকাররা। বিশেষ করে উৎসব-আনন্দের দিনে নিচের জলস্রোত আর উপরের জনস্রোতের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আসেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। আসে প্রেমিকজুটি। পরিবারের সদস্যদের নিয়ে আসেন অনেকে। তবে যান চলাচল এখনও খুব বেশি নেই। আস্তে আস্তে বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
গতবছর ৫ ডিসেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ এলাকার এই সেতুসহ সারাদেশে শত সেতু উদ্বোধন করেন।
৭০২ দশমিক তিন দুই মিটার দীর্ঘ এবং ১০ দশমিক দুই পাঁচ মিটার প্রস্থ রানীগঞ্জ সেতু সিলেট বিভাগের দীর্ঘতম সড়ক সেতু। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৫৫ কোটি টাকা।
সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০১৬ সালের ১১ আগস্ট আড়াই কিলোমিটার সংযোগ সড়ক ও একটি টোল প্লাজাসহ রানীগঞ্জ সেতুর নির্মাণ প্রক্রিয়া শুরু হয়। পরে ২০১৭ সালের ১৪ জানুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পা মন্ত্রী এম এ মান্নানকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে রানীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রানীগঞ্জ সেতু নির্মাণের ফলে ভাটিবংলার জনজীবনে অভাবনীয় পরিবর্তন সূচিত হয়েছে।