টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

প্রকাশিত November 8, 2021
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘তথাকথিত ব্যবস্থাপনার নামে লুটপাট বন্ধ করো-টাঙ্গুয়ার হাওরে মাছ, গাছ ও পাখিসহ জীববৈচিত্র ফিরিয়ে আনো’ এই স্লোগান নিয়ে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
সোমবার সকালে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র ও পরিবেশ সুরক্ষার দাবিতে শহরের আলফাত স্কয়ারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি ইয়াকুব বখত বহলুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো আবু সুফিয়ান। আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সালেহীন শুভ, এ কে কুদরত পাশা ও জেলা কমিটির সহসভাপতি আলী হায়দার।
বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওর জীববৈচিত্র সমৃদ্ধ হওয়ায়ই রামসাইড এলাকা হিসেবে জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। গত ১৭ বছর ধরে এই জাতীয় সম্পদ জেলা প্রশাসন রক্ষণাবেক্ষণ করছে। কথা ছিল, এখানে মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে। অথচ টাঙ্গুয়ার হাওর এখন মাছ শূন্য। শীত মৌসুমেও অতিথি পাখির দেখা মিলছে না।
তারা এসব ব্যাপারে তদন্ত করে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান।