ঝুঁকিমুক্ত আর্থিক ব্যবস্থার লক্ষ্যে বঙ্গবন্ধু জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেন : মেয়র

প্রকাশিত May 16, 2024
ঝুঁকিমুক্ত আর্থিক ব্যবস্থার লক্ষ্যে বঙ্গবন্ধু জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেন : মেয়র

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাধারণ জনগণের উন্নতির স্বার্থে ও ঝুঁকিমুক্ত আর্থিক ব্যবস্থার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন। তার এই অবদান তৎকালীন সময়ে সদ্য স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে।
বৃহস্পতিবার, ১৬ মে (২ জ্যৈষ্ঠ) দুপুরে জীবন বীমা কর্পোরেশনের দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র আরও বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার পথে। স্মার্ট অর্থনীতির উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে।
অনুষ্ঠানে তিনি ১৩ জনের কাছে তাদের দাবির চেক হস্তান্তর করেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মো মুহিবুজ্জামান। এছাড়াও সিলেট জেলা প্রশাসন ও জীবন বীমা কর্পোরেশনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি