নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) গত ৩দিনে সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু ও চিনিসহ প্রায় এককোটি টাকার পণ্য আটক করেছে।
গত ৩, ৪ ও ৫ অক্টোবর জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির টহল দল ও সেনাবাহিনী বাঘের সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৩২০ বস্তা চিনি ও একটি পিকআপ সহ চোরাচালানে জড়িত থাকার দায়ে ৩ জনকে আটক করে।
এছাড়াও জৈন্তাপুর বিওপি, সুরাইঘাট বিওপি, লালাখাল বিওপি ও সোনারখেওর বিওপির বিশেষ টহল দল সীমান্তের জিরো লাইনের কাছাকাছি চাংগিল, গিলাতৈল, কমলাবাড়ি, কুফরির জুম, ইউনুসের জুম, চতুল ও মিকিরপড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চিনি, চকলেট, ডেজার্ট, পাতার বিড়ি, মদ, ১৯টি গরু ও একটি মাইক্রোবাস আটক করতে সক্ষম হয়।