বিশেষ প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে ৪ ছাত্রলীগ কর্মী প্রাণ হারিয়েছেন।
শুক্রবার, ১৯ জানুয়ারি (৫ মাঘ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাংপানি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এতে নিহতরা হলেন উপজেলার নিজপাট ইউনিয়নের লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), তোয়াসীহাটি গ্রামের রনদীপ পালের ছেলে নিহাল পাল (২৫), পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, উসমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ালি উল্লাহ বদরুল জানান, রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ কর্মীরা জৈন্তাপুর থেকে একটি প্রাইভেট কার নিয়ে জাফলংয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে রাংপানি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সেতুর নিচে পড়ে যায়।
এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তারা মারা যান।
পরে রাতেই মরদেহগুলো হাসপাতাল থেকে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গভীর দু:খ প্রকাশ করেন ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস দিনার, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান। দেন। এছাড়াও কয়েকশ ছাত্রলীগ কর্মী হাসপাতালে জড়ো হন।
সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নিহত ছাত্রলীগ কর্মীদের পরিবারের সদস্যদের শান্তনা দেন।