জৈন্তাপুরে ভারতীয় ১৫টি মহিষ ১৮টি গরু ও ৩৭ বস্তা চিনি উদ্ধার || গ্রেফতার ৪ জন

প্রকাশিত September 14, 2023
জৈন্তাপুরে ভারতীয় ১৫টি মহিষ ১৮টি গরু ও ৩৭ বস্তা চিনি উদ্ধার || গ্রেফতার ৪ জন

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ১৫টি মহিষ, ১৮টি গরু ও ৩৭ বস্তা চিনি উদ্ধার ও চার জন গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের সামনে থেকে ১৫টি ভারতীয় মহিষ আটক করা হয়।
এ সময় মহিষের সঙ্গে থাকা উপজেলার খারুবিল গ্রামের মৃত ফজর আলীর ছেলে ইব্রাহিম মিয়া ও শাহ আলম মিয়ায় ছেলে ইয়াসিন আহমেদকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশের অপর অভিযানে উপজেলার গৌরিশঙ্কর যশপুর এলাকা থেকে ভোর আনুমানিক সাড়ে ৫টায় থানার উপ পরিদর্শক মির্জা শাফায়াতের নেতৃত্বে ভারত থেকে আনা ছোট বড় মোট ১৮টি গরু পাচারের সময় আটক করা হয়।
এই চোরাচালানের সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো উপজেলার গৌরীশঙ্কর গ্রামের সরাফত আলীর ছেলে সোহেল আহমেদ ও ঘিলাতৈল গ্রামের সিরাজ আহমেদের ছেলে এখলাস আহমেদ।
এছাড়াও প্রায় একই সময়ে এসআই মহিবুর রহমানের নেতৃত্বে অপর এক অভিযানে উপজেলার নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামে রাশিদ মিয়ার ঘর হতে ৩৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়।
এসব ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। তথ্য বিবরণী