জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি সহ গ্রেফতার ১

প্রকাশিত September 30, 2026
জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি সহ একজন গ্রেফতার হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর/১৫ আশ্বিন) ভোর সোয়া ৫টার দিকে থানা পুলিশের একটি আভিযানিক দল জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াখেল এলাকায় সারী সেতুর উত্তর প্রান্তে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকিয়ে রাখা ৪ হাজার ৩৪১টি ভারতীয় শাড়ি উদ্ধার করে।
এ সময় মো আলাল (৩৫, পিতা সিদ্দেক আলী, পাঁচ সেউতী, পূর্ব আলীরগাঁও, গোয়াইনঘাট, সিলেট) নামের একজনকে গ্রেফতার ও ট্রাকটি জব্দ করা হয়।
উদ্ধার করা ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকা আর জব্দকৃত ট্রাকের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলে জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার মামলা রুজু করা হয়েছে।