জুড়ীতে নদী ভাঙনের কবলে গুরুত্বপর্ণ সড়ক || দ্রুত ভাঙন রোধ ও মেরামতে মন্ত্রীর নির্দেশ

প্রকাশিত March 29, 2023
জুড়ীতে নদী ভাঙনের কবলে গুরুত্বপর্ণ সড়ক || দ্রুত ভাঙন রোধ ও মেরামতে মন্ত্রীর নির্দেশ

সাইফুল ইসলাম সুমন, জুড়ী : মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও হতে রাবার ড্যাম পর্যন্ত পাকা সড়কের গরেরগাঁও অংশ জুড়ী নদীতে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
ভাঙন এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে, গত দুই দিন ধরে এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন, এমপি গুরুত্বপূর্ণ এ সড়কের ভাঙন দ্রুত রোধ ও মেরামতের নির্দেশনা দিয়েছেন।
সরজমিনে বুধবার, ২৯ মার্চ বিকেলে দেখা যায়, সড়কটির গরেরগাঁও অংশের ভাঙন ভয়াবহ। তাই এলাকাবাসী যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বাঁশের বেড়া দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। তবে সাধারণ মানুষ চলাচল করছেন উপরের এখনও কিঞ্চিৎ ভাল অংশ দিয়ে ঝুঁকি নিয়ে। ইতোমধ্যে আশেপাশের বেশ কিছু দোকানপাট ও বসতভিটা ঝুঁকিপর্ণ হয়ে পড়েছে।
গরেরগাঁও, বেলাগাঁও ও সোনাপুর গ্রামবাসীসহ হাকালুকি হাওরে যাতায়াতকারী পর্যটক ও কৃষকদের সুবিধার জন্যে স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন সড়কটি পাকা করিয়ে দেন; কিন্তু হঠাৎ গত শনিবার গরেরগাঁও অংশে ভাঙন দেখা দেয় এবং তা দ্রুত বৃদ্ধি পেতে থাকে।
এলাকাবাসী ফারুক মিয়া ও সাইফুর রহমান জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। দ্রুত ভাঙন রোধ না করলে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা রয়েছে।
জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস জানান, সড়কটি দ্রুত মেরামতের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। খুব শিগগির কাজ শুরু হবে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো জসিম উদ্দিন জানান, তিনি ভাঙন কবলিত জায়গাটি পরিদর্শন করেছেন। তা রোধ ও সড়ক মেরামতে উদ্যোগ নেওয়া হবে।
জুড়ী উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাসও সড়কটি পরিদর্শন করে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন।