সাইফুল ইসলাম সুমন, জুড়ী : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আরও ১৯২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছে।
আগামী বুধবার, ২২ মার্চ উপকারভোগী এসব পরিবারের মধ্যে ১১৭টির নিকট ঘরগুলো হস্তান্তর কার্যক্রম ভার্চুয়াল প্লাটফরমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা প্রশাসন ইতোমধ্যে ঘর ও জমির দলিল প্রস্তুত ও হস্তান্তরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
উপজেলা প্রশাসন জানায়, জুড়ীতে ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৪৭৩। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে জমি সহ ঘর পায় ২৮১টি পরিবার। প্রকল্পের চতুর্থ পর্যায়ে নির্মিত ১৯২টি ঘরের মধ্যে আপাতত ১১৭টি হস্তান্তর করা হবে। দুটি কক্ষ, বারান্দা, রান্নাঘর ও শৌচাগার যুক্ত প্রতিটি ঘর নির্মাণে সরকারের ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ব্যয় হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মনসুর আলী জানান, হস্তান্তরের ঘরগুলোর শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেছে।
সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরগুলোর নির্মাণ কাজ সার্বক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর হস্তান্তর অনুষ্ঠান সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।