জুড়ি থানায় পুলিশের দায়ের করা নাশকতার মামলায় আসামি মৃত ব্যক্তি ও প্রবাসী

প্রকাশিত October 8, 2023
জুড়ি থানায় পুলিশের দায়ের করা নাশকতার মামলায় আসামি মৃত ব্যক্তি ও প্রবাসী

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের দায়ের করা একটি মামলায় ৬ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তি ৩ প্রবাসীকে আসামি করায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ৫ অক্টোবর রাতে জুড়ীতে মিছিল করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এ ব্যাপারে পরদিন বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে পুলিশ বাদি হয়ে নাশকতার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করে। এতে
অভিযোগ করা হয়, ‘জামাত-শিবির ও বিএনপি কর্মীরা জনসাধারণের যান চলাচল বন্ধ ও নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য উত্তেজিত হয়ে রাস্তায় মিছিল বের করলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশের বাঁধা অমান্য করে তারা মিছিল শুরু করে। পরে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে সরকারি কাজে বাধা দেয়।’
মামলার এজাহারে ১১ নম্বর আসামি উপজেলার হাসনাবাদের রুমুজ আলীর ছেলে লোকমান হোসেন। অথচ তিনি মারা গেছেন ২০১৭ সালের ৪ আগস্ট। ৬ নম্বর আসামি হামিদপুরের মৃত ফয়জুল্লাহর ছেলে জায়েদ আহমদ ৭ বছর ধরে সৌদি আরবে আছেন। ফুলতলার রজব উদ্দিনের ছেলে বুরহান উদ্দিন আরব আমিরাতে অবস্থান করছেন ২ বছর ধরে। তাকে করা হয়েছে ২৩ নম্বর আসামি। ২৪ নম্বর আসামি ফুলতলা বাজারের ইব্রাহিম আলীর ছেলে নাঈম উদ্দিন ৮ বছর আগে প্রথমে কাতার যান। সেখান থেকে যান পর্তুগালে। এখনও সে দেশে অবস্থান করছেন।
মামলার ১১ নম্বর আসামি মৃত লোকমান হোসেনের বড় ভাই মাহতাব আহমদ জানান, তার ভাই লোকমান ৬ বছর ২ মাস আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গ্রেফতাকৃতদের দেওয়া তথ্য মতে মামলার আসামি করায় এমনটা হয়েছে। তবে তদন্ত করে সংশোধন করা হবে।