বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : জি-২০ (টুয়েন্টি) সম্মেলনকে সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে সুনামগঞ্জের সীমান্তিক উপজেলা তাহিরপুরে নাগরিক সমাবেশ করা হয়েছে।
শুক্রবার, ৮ আগস্ট দুপুরে উপজেলার নিলাদ্রী লেকের পাড়ে হাউস, ক্লিন ও বিডব্লিওজিইডির যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে ছাত্র, তরুণ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন।
হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভর সঞ্চালনায় নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক এন্দ্র সলোমর, অনির্বাণ মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, প্রভাষক ফজলুল করীম সাঈদ, গাজী আফজাল, পরিতোষ বর্মণ, সলোমন ম্র, নুয়েল দিব্রা, জেমস ও খোরশেদ।
সমাবেশে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ু পরিবর্তন এখন বিশ্বব্যাপী নতুন বাস্তবতা। এই গ্রীন হাউস গ্যাস নিঃসরণের ফলে বৈশ্বিক উষ্ণায়ন এমন ভয়াবহ অবস্থায় পৌঁছেছে, যা মানবজাতিসহ পৃথিবীর গোটা জীবজগতের অস্তিত্বকে সংকটাপন্ন করে তুলেছে। বিশ্বে মোট গ্রীন হাউস গ্যাস নিঃসরণের ৭৫ থেকে ৮০ শতাংশই করে জি-টুয়েন্টি গ্রুপের সদস্য দেশগুলো। তাই কার্বন নিঃসরণ ও বৈশ্বিক তাপমাত্রা হ্রাসকরণে এই দেশগুলোর ভূমিকাই সর্বাধিক। জলবায়ু পরিবর্তনে অত্যন্ত ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে বাংলাদেশের মতো দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে এসব দেশ প্রতিশ্রুতিবদ্ধ। এ অবস্থায় এবারের সম্মেলনে নবায়নেযাগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবি জোরালোভাবে তুলে ধরতে হবে।