জামালগঞ্জে পারিবারিক কলহের জেরে ৩ সন্তানসহ স্ত্রীর বিষপান || সন্তানদের মৃত্যু || স্বামী আটক

প্রকাশিত September 24, 2023
জামালগঞ্জে পারিবারিক কলহের জেরে ৩ সন্তানসহ স্ত্রীর বিষপান || সন্তানদের মৃত্যু || স্বামী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে স্বামীর জুয়াখেলা নিয়ে কথা কাটাকাটি ও নির্যাতনে অতিষ্ঠ স্ত্রী তিন সন্তানসহ বিষপানে আত্মহত্যার চেষ্টা চালালে তিন সন্তান বিষক্রিয়ায় মারা যায়। মায়ের অবস্থা আশংকাজনক। পুলিশ স্বামীকে আটক করেছে।
রবিবার, ২৪ সেপ্টেম্বর সকালে এ ঘটনা ঘটে। মা যমুনা বেগমকে (৪০) উন্নত চিকিৎসার জন্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে স্বামী জাহাঙ্গীর আলমের সঙ্গে জুয়াখেলা নিয়ে স্ত্রী যমুনা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী তাকে মারপিট করে।
রবিবার সকাল ১০টার দিকে বাড়িতে জাহাঙ্গীর আলমের অনুপস্থিতিতে যমুনা বেগম পাশের বাজার থেকে মিষ্টি কিনে আনেন। অনুমান করা হচ্ছে, তাতে বিষ মিশিয়ে বড় ছেলে তানজিদ হোসেন (১৫), একমাত্র মেয়ে সাকিরা আক্তার (১৩) ও ছোট ছেলে সাহেদ মিয়াকে (৬) খাওয়ানোর পর নিজে বিষ মিশ্রিত মিষ্টি খেয়ে নেতিয়ে পড়েন।
খবর পেয়ে আশেপাশের লোকজন তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখান থেকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়; কিন্তু সুনামগঞ্জ আসার পথেই তিন সন্তান মারা যায়।
জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডা মো শফিকুল ইসলাম তিন সন্তানকে মৃত ঘোষণা ও যমুনা বেগমকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার জানান, জাহাঙ্গীর আলম একজন চিহ্নিত জুয়ারী। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, ঘটনার তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।