সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আহসানপুর এলাকায় ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে হালির হাওরে প্রায় ৫ হাজার ৭৫০ হেক্টর জমির আধাপাকা বোরো ধান তলিয়ে গেছে।
মঙ্গলবার সকালে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় ও সুনামগঞ্জ জেলা কমিটি এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে।
দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুলের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজন সেন রায়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যকরী সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, সহসভাপতি সুখেন্দু সেন, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাংগঠনিক সম্পাদক এ কে কুদরত পাশা, প্রচার সম্পাদক আনোয়ারুল হক, নির্বাহী সদস্য এমরানুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শহীদ নূর আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার রাত ১২টার দিকে বেহেলী ইউনিয়নের আহসানপুর এলাকার হেরাকান্দিতে ঢলের পানির চাপে ঝুঁকিতে থাকা বাঁধটি ভেঙে যায়। কাবিটা স্কিম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির গাফলতি, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি ও পিআইসির উদাসিনতায় সুনামগঞ্জে ৩১টি বাঁধ ভেঙ্গে হাওরে পানি ঢুকছে। আসলে কোন কাজেই আসছে না সরকারের দেওয়া ১২২ কোটি টাকা। সময়মতো বাঁধের কাজ শুরু ও শেষ না করায় এবং সরকারি নীতিমালা না মানার কারণেই বাঁধ ভেঙেছে বলে কৃষকরা অভিযোগ করেছেন। এর দায় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকেই নিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথা ও বাস্তব অবস্থায় মিল নেই। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়, শাল্লা উপজেলার ছায়ার হাওরে মোট আবাদের ৪০ ভাগ ধান তলিয়ে গেলেও কৃষি বিভাগ বলছে ৯৫ ভাগ ফসল কাটা হয়ে গেছে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন ৯৮ ভাগ। কৃষকরা এই হিসেবের সঙ্গে একমত নন।
হাওর বাঁচাও আন্দোলন নেতৃবৃন্দ বলেন, ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে এখনও ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাট হচ্ছে। সিন্ডিকেটের মাধ্যমে কাজ বাগিয়ে নেওয়া হয়।
যেসব বাঁধ ভেঙ্গে ফসল তলিয়ে গেছে, তারা সেগুলোর ব্যাপারে তদন্ত করে পিআইসিসহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার এবং গণশুনানির মাধ্যমে হাওরের ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ করার দাবি জানান।