জাফলংয়ে পর্যটক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন || পরিকল্পনা আড়াই বছরের || স্ত্রী ও প্রেমিক গ্রেফতার

প্রকাশিত April 20, 2023
জাফলংয়ে পর্যটক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন || পরিকল্পনা আড়াই বছরের || স্ত্রী ও প্রেমিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ক্লু-লেস পর্যটক আলে ইমরান হত্যারহস্য উন্মোচন ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার, ২০ এপ্রিল দুপুরে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, জেলায় অপরাধ দমন, আসামি গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।
এছাড়া খুন, ধর্ষণ, চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যা মামলার রহস্য উন্মোচন ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারকে জেলা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে বলেও এসপি জানান।
পুলিশ সুপার জানান, গত ১৭ এপ্রিল বিকেলে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং বল্লাঘাট রিভারভিউ রিসোর্ট এন্ড আবাসিক হোটেলের পাশে এক অজ্ঞাতনামা যুবকের মরদহ পাথর চাপা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেন। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে জানা যায়, নিহত যুবকের নাম আলে ইমরান (৩২, পিতা আব্দুল জব্বার, গুরই, নিকলী, কিশোরগঞ্জ)। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয় (মামলা নম্বর ১৮, তারিখ ১৮ এপ্রিল ২০২৩)। গণমাধ্যমে এই হত্যাকাণ্ডের খবর ফলাও করে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তকরণ ও গ্রেফতারে গোয়াইনঘাট থানা পুলিশ তাৎক্ষণিক অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার, ১৯ এপ্রিল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার পৃথক দুই অভিযানে চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামি নাদিম আহমেদ নাঈমকে (১৯, পিতা মো জিন্নাত, মাতা নূরুন্নাহার, বেলদি গাজীরটেক, দাউদপুর, রূপগঞ্জ, নারায়নগঞ্জ) নিজ বাড়ি থেকে এবং খুন হওয়া আলে ইমরানের স্ত্রী খুশনাহারকে (২১, পিতা মৃত আব্দুস ছাত্তার, ছেত্রা, গুরুই, নিকলী, কিশোরগঞ্জ) ঢাকার বসুন্ধরা এলাকা হতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার জানান, খুশনাহারের সঙ্গে মাহিদুল হাসান মাহিনের দীর্ঘ দুই থেকে আড়াই বছরের প্রেম। আসামি মাহিদুল হাসান মাহিন ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে জিএম পদে কর্মরত। আলে ইমরানের সঙ্গে পাঁচ বছর আগে খুশনাহারের বিয়ে হয়। প্রেমে জড়ানোর পর থেকেই দু’জন মিলে আলে ইমরানকে হত্যার চেষ্টা করছিল। এরই ধারাবাহিকতায় খুশনাহার আলে ইমরানকে বেড়ানোর কথা বলে গত ১৫ এপ্রিল রাতে ভৈরব হতে ট্রেন যোগে সিলেটের উদ্দেশ্য রওয়ানা করে। অন্যদিকে একই দিন প্রেমিক মাহিদুল হাসান মাহিন ও তার অফিসে কর্মরত (এখন গ্রেফতারকৃত) আসামি নাদিম আহমেদ নাঈম ও অপর পলাতক সহযোগী ঢাকার কমলাপুর হতে ট্রেন যোগে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়।
এসপি জানান, পরদিন সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে জাফলং বল্লাঘাটের রিভারভিউ রিসোর্ট এন্ড আবাসিক হোটেলের ১০১ নম্বর কক্ষে আলে ইমরান ও খুশনাহার উঠে। অন্য তিন আসামি অবস্থায় নেয় হোটেল শাহ আমিনে। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী খুশনাহার হত্যাকাণ্ড ঘটানোর আগে কৌশলে তাদের হোটেল কক্ষের সামনের সিসিটিভি ক্যামেরা অন্য দিকে ঘুরিয়ে দেয়। পরবর্তী সময়ে মাথা ব্যথার কথা বললে রাত ১০টায় আলে ইমরানকে খুশনাহার ঘুমের ঔষধ খাইয়ে দেয়। কিছুক্ষণ পর আলে ইমরান ঘুমিয়ে পড়লে খুশনাহার তার প্রেমিক মাহিদুল হাসান মাহিনকে রিভারভিউ রিসোর্ট এন্ড আবাসিক হোটেলে আসতে বলে।
পুলিশ সুপার জানান, রাত আনুমানিক ১২টায় মাহিদুল হাসান মাহিন তার দুই সহযোগীকে নিয়ে হোটেল কক্ষে প্রবেশ করে এবং রাত অনুমান ২টায় প্রেমিক-প্রেমিকা গলায় গামছা পেঁচিয়ে আলে ইমরান কে হত্যা করে। এ সময় আসামি নাদিম আহমেদ নাঈম আলে ইমরানের পা চেপে ধরে এবং পলাতক অপর সহযোগী কক্ষের বাইরে পাহারায় থাকে। একসময় আলে ইমরানের মৃত্যু নিশ্চিত হলে রাত ৩টার দিকে মাহিদুল হাসান মাহিন ও তার দুই সহযোগী ইমরানের মরদেহ লুকিয়ে রাখার উদ্দেশ্যে রিভারভিউ রিসোর্ট এন্ড আবাসিক হোটেলের পাশে পাথর চাপা দিয়ে রাখে। এরপর হত্যাকারীরা রাত আনুমানিক সাড়ে ৪টায় রিভারভিউ রিসোর্ট এন্ড আবাসিক হোটেল থেকে বের হয়ে সিএনজি অটোরিকশা যোগে সিলেট পালিয়ে আসে।
প্রাথমিকভাবে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।