বিশেষ প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে আন্তরিক অভিনন্দন। কারণ পরিবর্তিত পরিবেশ-পরিস্থিতিতে অন্য নামে হলেও দুঃসহ অতীতকে মনে করিয়ে দিয়েছেন, যা নতুন প্রজন্মের জন্যে বড় বেশি প্রয়োজন ছিল। জাতির পিতার শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তিনি দু’টি ‘গণভোজ’ আয়োজন করেছিলেন। তার এ উদ্যোগ কোন পর্যায়ের মানুষের জন্যে ছিল তা বলার অপেক্ষা রাখেনা। ব্যবস্থাপনায়ও ছিল নতুনত্ব। অনেকের কাছে অকল্পনীয়। এই গণমানুষেরা যেমনি পেট পুরে খেয়েছেন তেমনি তাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন।
বলছিলাম দুঃসহ অতীতের কথা। এখনও চোখের সামনে পঁচাত্তরের কালরাত পরবর্তী দিনগুলোর স্মৃতি জ্বলজ্বল করে। সামরিক শাসন। কারফিউ। একদল মানব নামের দানবের উল্লাস। পাতিল পাতিল মিষ্টি বিতরণ। মধুলোভী একদল চশমখোরের ডিগবাজি। বেতার-টেলিভিশনে অপপ্রচার। মিথ্যাচার। কড়া কড়া নির্দেশনা। খাকি পোশাকের সেকি হম্বিতম্বি। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, জয়বাংলা ইত্যাদি ঐতিহাসিক শব্দগুলো অঘোষিত নিষেধাজ্ঞার যাঁতাকলে পিষ্ট। কারাগার পূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দে। অন্যরা মুক্ত থাকলেও মুখ খুলতে অপারগ। সেই বাংলাদেশ আর আজকের বাংলাদেশ-কখনও হিসাবে মিলবেনা।
নভেম্বর ৩। পাল্টে গেলো রাষ্ট্রযন্ত্রের রূপ। রাজধানীর রাজপথে নামলো ধানমণ্ডি অভিমুখী জনস্রোত। বাঙালির সকল আন্দোলন-সংগ্রামের একমাত্র ঠিকানা থেকে তখনও রক্তের ধারা বঙ্গোপসাগরের দিকে বহমান। যে ফটক ছিল এ দেশের প্রতিটি মানুষের জন্যে অবারিত তা তালাবদ্ধ। তাই তাতেই ফুল-পুষ্পের মালাগুলো ঝুলিয়ে দেওয়া হলো। অন্যদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বয়ে গেলো রক্ত গঙ্গা। হত্যা করা হলো জাতীয় চার নেতাকে। এর চার দিনের মাথায় স্বমূর্তিতে আবির্ভত হলেন খলনায়ক। সঙ্গে কিছু আবাল রাজনীতিবিদ, যে চেনা-জানা লোকগুলো সদ্য স্বাধীন দেশে এমন কোন অপকর্ম নেই যা করেনি।
আওয়ামী লীগ তখন চরম অস্তিত্ব সংকটে। এরপরও পরের বছর থেকে মূলত ব্যক্তি উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন শুরু হয়। প্রথম প্রথম ঘরের ভেতর। আস্তে আস্তে বাইরে। তবে তা দোয়া আর ‘কাঙালিভোজ’ পর্যন্তই ছিল সীমাবদ্ধ। এর মধ্যে নারায়নগঞ্জ পৌরসভার তখনকার চেয়ারম্যান (নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা সেলিনা হায়াত আইভির পিতা) আলী আহমদ চুনকা আয়োজিত ‘বঙ্গবন্ধুর চেহলাম’ দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে প্রচণ্ড নাড়া দেয়। সাহসী করে তুলে মুজিবভক্তদের। পনেরোই আগস্টের কর্মসূচিতে যুক্ত হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ দিনভর মাইকে প্রচার ও স্মরণিকা প্রকাশ। এভাবে আস্তে আস্তে সীমিত পরিসরে হলেও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালন শহর-নগর-গ্রামে নৈতিক দায়িত্ব-কর্তব্য হয়ে উঠে। তবে বাংলাদেশে এখন আর ‘কাঙাল’ নেই তাই আর ‘কাঙালিভোজ’ও হয়না-‘কাঙালিভোজ’ ‘মঙ্গা’র মতোই কালের অতলে হারিয়ে গেছে।
সিলেটে প্রথম বড় কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত হয় ১৯৯৮ সালে। উদ্যোগটি ছিল সংস্কৃতিকর্মীদের। আয়োজন ছিল তিন দিনের। এ নিয়ে খুব শিগগির সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হবে।