জাতীয় শোক দিবসে সিলেটে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত August 15, 2020
জাতীয় শোক দিবসে সিলেটে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবসে জাতি গভীর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে। নতুন করে শপথ নিয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠার। জঙ্গিতৎপরতা সহ দেশবিরোধী সকল চক্রান্ত প্রতিহত করারও অঙ্গীকার ঘোষণা করেছে।
একই সঙ্গে জাতি পনেরোই আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং অন্য শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে।
সিলেটে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন, করোনাকালে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, ডিআইজি অব পুলিশ মফিজ উদ্দিন আহমদ, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
এছাড়াও বিভিন্ন সরকারি দফতর, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে জাতির পিতার ম্যুরালেও আওয়ামী পরিবারের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, মসজিদে দোয়া ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচার।
উপজেলা পর্যায়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।