জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন || ৭৮ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়াবে সিসিক

প্রকাশিত June 15, 2023
জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন || ৭৮ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়াবে সিসিক

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে সিলেট সিটি করপোরেশন ৭৮ হাজার ১২৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৮৬৫ ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ২৬৪ শিশুকে এর আওতায় আনা হবে।
সারা দেশের মতো রবিবার, ১৮ জুন সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে ৩৪৮টি টিকাদান কেন্দ্রে শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
একই সঙ্গে মায়েদের স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন পরিচালিত হবে।
বৃহস্পতিবার, ১৫ জুন নগরভবনের সভা কক্ষে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক। ক্যাম্পেইন বাস্তবায়নে সিসিকের প্রস্তুতি উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহর সঞ্চালনায় ওরিয়েন্টেশনে সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সিসিকের সবকটি ওয়ার্ডে একযোগে এই ক্যাম্পেইন পালিত হবে।
সিসিকের ১টি ইপিআই স্থায়ী কেন্দ্র, ৩২ ইপিআই নিয়মিত কেন্দ্র, ২০৮টি ইপিআই অস্থায়ী কেন্দ্র, ৮২টি ভিটামিন ’এ’র অস্থায়ী কেন্দ্র এবং অতিরিক্ত ২৫টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিসিকের এই কর্মসূচি বাস্তবায়নে ৮৪ জন সুপারভাইজার, ৬৯৬ জন স্বেচ্ছাসেবী ও সিসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীরা দায়িত্ব পালন করেন। সংবাদ বিজ্ঞপ্তি