নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ‘নৌকা’য় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার, ২০ ডিসেম্বর (৫ পৌষ) সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
এর আগে বঙ্গবন্ধুকন্যা হজরত শাহজালাল (র) ও হজরত শাহপরান (র) মাজার জিয়ারতের মাধ্যমে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু করেন।
জনসভায় প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের অর্থ হচ্ছে স্মার্ট সরকার, স্মার্ট জনগণ, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি। বঙ্গবন্ধু ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। আর গত ১৫ বছরে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় পৌঁছেছে।
বাংলাদেশকে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগ প্রার্থীদেরকে ‘নৌকা’ মার্কায় ভোট দিতে সিলেটবাসীর প্রতি তিনি আহ্বান জানান।
বঙ্গবন্ধুকন্যা স্মৃতিচারণ করে বলেন, ‘১৯৮১ সালে দেশে ফিরে প্রথমেই সিলেট এসেছিলাম। প্রবল বৃষ্টির মধ্যে বক্তৃতা করেছিলাম এ ময়দানেই। এর মধ্য দিয়ে রাজনৈতিক সভা-সমাবেশ শুরু করি ‘
তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন পূরণই তার প্রধান অঙ্গীকার। জনগণ তাকে আবারও সুযোগ দিলে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার পথে আরও এগিয়ে যাবেন।
আওয়ামী লীগ প্রধান বিএনপির জ্বালাও-পোড়াওয়ের তীব্র সমালোচনা করে বলেন, হত্যানাশকতার মতো অমানবিক কাজ কোনো মানুষ করতে পারেনা।
তিনি বলেন, একজন লন্ডন বসে হুকুম দেয় আর কিছু লোক গাড়িতে আগুন লাগায়। সন্তান কোলে মাকে পুড়িয়ে মারে। রেললাইন কেটে মৃত্যুফাঁদ তৈরি করে। এসব করে সরকারের পতন ঘটানো যাবেনা।
প্রধানমন্ত্রী আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানোর পাশাপাশি ঘোষণা করেন, এসব অপকর্মের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচার হবে।
শেখ হাসিনা বলেন, দেশে কোন অনাবাদি জমি থাকবেনা। এসব জমি চাষের আওতায় নিয়ে আসা হবে।
সিলেটে গত ১৫ বছরে বিভিন্ন উন্নয়ন কাজের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু প্রবাসীদের খুব ভালবাসতেন। বর্তমান সরকারও প্রবাসীদের কল্যাণে অনেক কিছু করেছে।
জনসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্র মন্ত্রী সিলেট-১ আসনে নৌকার প্রার্থী ড এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, যুগ্মসাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা দীপু মনি, উপদেষ্টা পরিষদ সদস্য সিলেট-৬ আসনে প্রার্থী নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সিলেট জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি ও অভিনেত্রী তারিন জাহান। পরিচালনায় ছিলেন সিলেট জেলা সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন তার বোন শেখ রেহানা। আরও ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাছান মাহমুদ, বাহাউদ্দিন নাসিম, আব্দুর রহমান, উপদেষ্টা পরিষদ সদস্য সালমান এফ রহমান, ড মশিউর রহমান ও কাজী জাফর উল্লাহ।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
পরে তিনি মাজার জিয়ারত করেন। শেখ হাসিনা হজরত শাহপরান (র) দরগার মহিলা এবাদখানায় জোহরের নামাজও আদায় করেন।