জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সিলেটে আওয়ামী লীগের আনন্দ মিছিল

প্রকাশিত November 15, 2023
জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সিলেটে আওয়ামী লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ বিশাল আনন্দ মিছিল করেছে।
বুধবার, সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বেতার ও টেলিভিশনে তফসিল ঘোষণার পরপই আনন্দ মিছিলটি ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে বের হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিল শুরুর আগে আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্ব ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
নেতৃবৃন্দ ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। সমগ্র জাতি অধীর আগ্রহে অপেক্ষায় ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের জন্যে। তফসিল অনুযায়ী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে জাতি এখন মুখিয়ে রয়েছে।
আনন্দ মিছিলে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।