জাতির পিতার ছবি পোস্টারে ব্যবহার করায় হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনকে শোকজ

প্রকাশিত January 1, 2024
জাতির পিতার ছবি পোস্টারে ব্যবহার করায় হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনকে শোকজ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : জাতীয় সংসদ নির্বাচনে নিজের পোস্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করায় হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
রবিবার, ৩১ ডিসেম্বর (১৬ পৌষ) তাকে এ নোটিশ দেন এই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান, হবিগঞ্জ সদর আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ সবুজ পাল। এতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে মঙ্গলবারের মধ্যে লিখিত জবার দিতে বলা হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান কমিটির চিঠিতে উল্লেখ করা হয়, আব্দুল হাই প্রিন্স নামে এক ব্যক্তি নিজেকে ‘নৌকা’ প্রতীকের কর্মী ও সমর্থক দাবি করে জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট একটি অভিযোগ দিয়েছেন। এর সঙ্গে নমুনা পোস্টার সংযুক্ত রয়েছে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০০৮ এর বিধি ৭ মোতাবেক প্রার্থীর ব্যানার ও পোস্টারে নিজের ছবি ও প্রতীক এবং দলীয় প্রার্থী হলে দলের প্রধানের ছবি থাকতে পারবে। এর বাইরে আর কারও ছবি ব্যবহার করা যাবেনা; কিন্তু ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পোস্টারে জাতির পিতার ছবি ব্যবহার করে বিধি লঙ্ঘন করেছেন। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ২ জানুয়ারির মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিতভাবে নিজে সশরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে হবে।
কারণ দর্শানোর নোটিশের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, উপসচিব, জেলা রিটার্নিং কর্মকর্তা, চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
উল্লেখ্য, হবিগঞ্জ-৪ আসনে দলের প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন; কিন্তু না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।