জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জের খরচার হাওরের ধান

প্রকাশিত April 25, 2020
জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জের খরচার হাওরের ধান

সুনামগঞ্জ প্রতিনিধি : অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে পাকা ও আধাপাকা ফসল তলিয়ে যাচ্ছে।
শুক্রবার সরেজমিনে দেখা গেছে, বিশ্বম্ভরপুর বাজারের দক্ষিণ দিকে ফসল রক্ষা বাঁধের পাশে কৃষকরা কোমড় পানিতে নেমে দ্রুত ধান কাটতে চেষ্টা করছেন।
কৃষ্ণনগর গ্রামের কৃষক নারায়ণ বর্মন জানান, প্রতিবছর জমিতে জলাবদ্ধতার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়। এবারও তাই হতে বসেছে।
এ বছর উপজেলার ১৮২০ হেক্টর জমির মধ্যে ১৬২০ হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দবি করেছেন।
পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানায়, বৃষ্টির সাথে সাথে পাহাড়ি ঢলে নদীতে বেশি পানি হয়ে যাওয়ায় হাওরের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।