জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সিলেটে ‘এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪’ উদ্বোধন

প্রকাশিত October 24, 2024
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সিলেটে ‘এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪’ উদ্বোধন

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ‘এক ডোজ এইচপিভি টিকা নিন-জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস-এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর/৮ কার্তিক) স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) কানিজ মওলা প্রধান অতিথি হিসেবে সিলেট অগ্রগামী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ‘এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪’ উদ্বোধন করেন।
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা মো আনিসুর রহমান, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির ও বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো নূর-এ-আলম। শুভেচ্ছা বক্তব্য দেন, ইউনিসেফ সিলেটের চিফ অফ ফিল্ড অফিস কাজী দিল আফরোজা ইসলাম।
বক্তাগণ স্কুল ও স্কুল কার্যক্রমের বাইরের সকল পর্যায়ের কিশোরীদের এইচপিভি টিকা প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। পিআইডি সিলেট