সিলেটের বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী বলেছেন, জনসাধারণ বিশেষ করে নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে সরকার জনসাধারণের মাঝে খোলাবাজারে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি শুরু করেছে।
সোমবার (৭ জুলাই/২৩ আষাঢ়) সিলেট খাদ্য বিভাগের উদ্যোগে ক্বিনিব্রিজ এলাকায় সার্কিট হাউজের পাশে ওএমএস কার্যক্রম উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার ওএমএস ডিলারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে এ সেবা গ্রহণ করতে পারে।
তিনি বলেন, এ কার্যক্রম যাতে সাধারণ মানুষের দৃষ্টিগোচর হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।
নতুন ডিলারদের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এ জন্যে ৪২টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডে নিয়োগ দেওয়া হয়েছে নতুন ডিলার। আরো ২৬ জন ডিলার নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
এ কার্যক্রম উদ্বোধনকালে সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, সিলেট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো কামরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, খাদিমনগর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুর রহমান চৌধুরী ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর উপস্থিত ছিলেন।
ওএমএস কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে দোকানে বা ট্রাকে প্রতি কেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ২৪ টাকা মূল্যে জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি করে বিক্রি করা হচ্ছে।
সরকারি ছুটির দিন ব্যতিত অন্যান্য দিনে প্রত্যেক ওয়ার্ডে নির্দিষ্ট ডিলারের মাধ্যমে নির্ধারিত মূল্যে এ বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।–পিআইডি সিলেট