নিজস্ব প্রতিবেদক : সিলেট অঞ্চলে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ জননেতা অ্যাডভোকেট লুৎফুর রহমানকে মহানগরীর হযরত মানিকপীর টিলা কবরস্থানে সমাহিত করা হয়েছে।
এর আগে দুপুর আড়াইটায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে সর্বস্তরের হাজারো মানুষের অংশগ্রহণে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন, ক্বাসিমুল উলুম দরগা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুল হক গাছবাড়ি।
নামাজে জানাযার আগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অ্যাডভোকেট লুৎফুর রহমানের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় দেশমাতৃকার এই কৃতি সন্তানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় জেলা প্রশাসকের পক্ষ থেকে। রাষ্ট্রীয় সম্মানও জানানো হয়।
এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন।
এর আগে সকাল ১১টয় মরদেহ নেওয়া হয় সিলেট জেলা পরিষদ ভবনে। সেখানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে অ্যাডভোকেট লুৎফুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।