নির্বাচন কমিশনার মো আনিছুর রহমান বলেছেন, নির্বাচন বর্জনের ঘোষণা গণতান্ত্রিক অধিকার হলেও জনগণ স্থানীয় সরকার নির্বাচন বর্জন করবে না। অবশ্যই অংশ নিবে।
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সিলেট বিভাগের মাঠ প্রশাসনের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, এখন পর্যন্ত নির্বাচনের যা পরিবেশ তা অব্যাহত থাকলে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে তীব্র দাবদাহের জন্য নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন।
সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার, ২৭ এপ্রিল (১৪ বৈশাখ) সকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতায় নির্বাচন কমিশনার মো আনিছুর রহমান উপস্থিত কর্মকর্তাদের উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দেন।
সেই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান।
তিনি বলেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মত সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে। নির্বাচনে কোনো পক্ষপাতমূলক আচরণ করা হবে না।
নির্বাচন কমিশনের অবস্থান উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন তার মানের কোন অবমূল্যায়ন করবে না।
এছাড়াও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যা যা করা দরকার নির্বাচন কমিশন তা করতে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসির সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর পুলিশ কমিশনার মো জাকির হোসেন খান, পিপিএম, অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী, পিএইচডি, আনসার ও ভিডিপি সিলেটের উপপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম-সেবা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো আবদুল হালিম খান। পিআইডি সিলেট