জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই || আর সময় দেওয়া যাবেনা : লুনা

প্রকাশিত September 2, 2023
জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই || আর সময় দেওয়া যাবেনা : লুনা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আওয়ামী লীগ যখন বাকশাল কায়েম করে দেশের গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার হরণ করে মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে গলাটিপে হত্যা করেছিল তখন সেই প্রেক্ষাপটে ‘শহীদ’ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করে রেখেছে। জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই। তাই তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায়না। আওয়ামী লীগকে আর সময় দেওয়া যাবেনা। বিএনপি দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে আছে-থাকবে। অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি পিছপা হবেনা। দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করা হবে ইনশাল্লাহ।
শনিবার, ২ সেপ্টেম্বর দুপুরে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
বিএনপির সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেয়ারপার্সনের অপর উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপির নাম ও ইতিহাস বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। বিএনপি যতবার দেশের হাল ধরছে ততবার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আওয়ামী লীগের কোন কথা দেশের মানুষ আর বিশ্বাস করেনা। তারা ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত মিথ্যাচার করে।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির নেতৃত্বেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাল্লাহ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সহসম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছিলেন বাকশাল কায়েম করে সেই স্বপ্নকে ধ্বংস করে দেয়া হয়েছিল।
সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি