সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের হোল্ডিং সমূহের এসেসমেন্ট/রি-এসেসমেন্টের করারোপ বিষয়ে নাগরিকদবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল নাগরিকদের মতামতকে মূল্যায়ন করে যৌক্তিক, প্রাসঙ্গিক ও সহনীয় মাত্রায় কর ধার্য্য করার আহবান জানিয়েছেন।
অন্যদিকে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আবারও নিশ্চয়তা দিয়েছেন, দ্রুত সময়ে মধ্যে কাউন্সিলরদের নিয়ে সাধারণ সভা করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।
বুধবার, ২২ মে রাত ৮টায় মহানগরীর আরামবাগ-খরাদিপাড়া এলাকায় একটি কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী নাদেল আরও বলেন, বর্তমান নগর পরিষদ খুব আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, মেয়র আনোয়ারুজ্জান চৌধুরীর নেতৃত্বে সিলেটে উন্নয়ন হচ্ছে-এটা স্বীকার করতেই হবে।
সভাপতির বক্তব্যে মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, নাগরিকদের মতামতের ভিত্তিতে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদ কাজ করবে। এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হবে না, যা নাগরিকদের জন্য কষ্টকর হয়।
মেয়র আরও জানান, হোল্ডিং ট্যাক্স বিষয়টির দ্রুত নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার রাত ৯টায় নগর পরিষদের জরুরি সাধারণ সভা আহবান করা হয়েছে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও সংরক্ষিত নারী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী।
মতামত প্রদান করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড আবু ফতেহ ফাত্তাহ, জাসদ নেতা অ্যাডভোকেট জাকির আহমদ, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বাংলাদেশ দুর্নীতি মুক্তকরণ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, বিশিষ্ট সমাজসেবী এহসানুল হক তাহের, নূরুল ইসলাম দীনেশ, মহানগর দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি