সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার মো জাকির হোসেন খান বলেছেন, জঙ্গি, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং নির্মূল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পুলিশের একা কাজ করলে হবে না-সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোন কাজ সহজ হয়ে যায়।
সোমবার, ১৫ জুলাই একটি কনভেনশন হলে কমিউনিটি পুলিশিং ইউনিট জালালাবাদ থানার উদ্যোগে আয়োজিত জঙ্গি, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, যেকোন অপ্রীতিকর ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। এই বিষয়ে সচেতন হতে হবে সবাইকে। কোথাও মাদকের আস্তানা থাকলে বা কোন খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিবে পুলিশ। এছাড়া কোন এলাকায় কোন ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে।
সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো আজবাহার আলী শেখ ও জালালাবাদ থানার অফিসার ইনচার্জ সহ জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং ইউনিটের প্রতিনিধি ও এলাকার নাগরিকবৃন্দ। তথ্য বিবরণী