জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে মেয়েকে উত্যক্ত করা ও ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় মানুষরূপী জানোয়াররা বৃদ্ধ পিতা আনোয়ার আলীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে।
আনোয়ার আলী জানান, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রাজনগর গ্রামে এক বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো তার মেয়ে। সেখান থেকে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে তাকে তুলে নিয়ে যায় পাইলগাঁও ইউনিয়নের গুতগাঁওয়ের শামীম আহমদ ও তার সাঙ্গপাঙ্গরা। এরপর থেকে তিনি মেয়ের কোন খোঁজ পাচ্ছিলেন না।
প্রায় ৭ বছর আগে নবীগঞ্জ উপজেলার রাজাবাজ গ্রামের কবির মিয়ার সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন আনোয়ার আলী; কিন্তু দুই বছর হলো মেয়ে তালাকপ্রাপ্ত হয়ে পিতার কাছে ফিরে আসে। তখন থেকেই আংগুর মিয়ার ছেলে শামীম আহমদ তার মেয়েকে উত্যক্ত করতে থাকে।
আনোয়ার আলী সোমবার সন্ধ্যায় শামীম আহমদের কাছে তার মেয়ের খোঁজ-খবর জানতে চাইলে ও অপকর্মের প্রতিবাদ জানালে রাতেই আলীগঞ্জ বাজারের কলোনির বাসা থেকে তাকে শামীম আহমদের বাড়িতে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটানো হয়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারকে জানিয়েও কোন ফল মেলেনি।
নির্যাতনের ঘটনাটির ভিডিওচিত্র ফেসবুকে ভাইরাল হলে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দীন চৌধুরীর নির্দেশে এসআই আরিফুল, এসআই রফিক ও এসআই শিবলুর নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার ভোরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গুতগাঁওয়ের ধনাই মিয়ার ছেলে লিটন মিয়া, জাহির মিয়ার ছেলে আক্কাই মিয়া, গিয়াস উদ্দিনের ছেলে ইলিয়াছ উদ্দিন ও খানপুর গ্রামের মির জাফর খানের ছেলে আলম হোসেনকে গ্রেফতার করে।
অভিযোগ পাওয়া গেছে, শামীম আহমদ বিভিন্ন অপরাধে জড়িত। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
পরে থানার এসআই ফিরোজের নেতৃত্বে আরেক দল পুলিশ নবীগঞ্জ উপজেলার একটি স্থান থেকে আনোয়ার আলীর নিখোঁজ মেয়েকে উদ্ধার করে সকাল ১০টার দিকে থানায় নিয়ে আসে।