জগন্নাথপুরে প্রাক্তন ছাত্র শিবির কর্মীর বাড়ি থেকে অস্ত্র ও বিপুল বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার

প্রকাশিত January 8, 2023
জগন্নাথপুরে প্রাক্তন ছাত্র শিবির কর্মীর বাড়ি থেকে অস্ত্র ও বিপুল বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি : আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাঁক গ্রামে এক প্রাক্তন ছাত্র শিবির কর্মীর বাড়ি থেকে অস্ত্রসহ বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে।
রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয়।
পরে সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার জগন্নাথপুর থানার এএসআই মোহাম্মদ নূরে আলম সিদ্দিক দীঘলবাঁক গ্রামের আখলাকুর রহমানের ছেলে আফজাল হোসেনের (৩৫) কাছে আদালতের সমন নিয়ে তার বাড়িতে গেলে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যান। এ সময় এএসআই আফজাল হোসেনের বসতঘরে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, সাদা পাউডার ও যন্ত্রপাতি দেখতে পান। এ বিষয়ে তিনি উর্ধ্বতন কর্তকর্তাদের অবহিত করলে বোম ডিসপোজাল ইউনিটসহ বিশেষজ্ঞ টিমকে কাছে তথ্যটি পৌঁছানো হয়। এর পরিপ্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ বাড়িটি ঘেরাও করে।
পরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম, এন্টিটেরোরিজম ইউনিট ও ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের বোম ডিসপোজাল ইউনিটের স্পেশাল একশন গ্রুপ অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রসহ বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, বিস্ফোরক জাতীয় পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
এদিকে আফজাল হোসেনের চাচাতো ভাই তজমুল হোসেন জানান, আফজাল হোসেন একজন শীর্ষ অস্ত্রবাজ। একাধিকবার তিনি অস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়েছিলেন। বেশিরভাগ সময় বসবাস করেন সিলেট মহানগরীতে। ছাত্রজীবনে ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিলেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযানের পর থেকে আফজাল হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।