জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২১০০ পিস ইয়াবা ও বিক্রেতা সহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত September 28, 2026
জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২১০০ পিস ইয়াবা ও বিক্রেতা সহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ও এক ইয়াবা বিক্রেতা সহ ৩ জন গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, রবিবার ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিরশ্রী ইউনিয়নের জামডহর গ্রামে জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা থেকে ২ হাজার পিস ইয়াবা সহ আব্দুস শুক্কুর আলী (৫০, পিতা মৃত মোবাশ্বির আলী, আমবাড়ী, জকিগঞ্জ, সিলেট) নামের একজনকে গ্রেফতার করা হয়।
এরপর সকাল পৌণে ১০টার দিকে একই স্থানে অপর একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থেকে ১০০ পিস ইয়াবা সহ দেলোয়ার হোসেন দিলু (৩৩), পিতা মস্তাব আলী, দাসউরা, বিয়ানীবাজার, সিলেট) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।
এছাড়া দেলোয়ার হোসেন দিলুর তথ্য মতে ইয়াবা বিক্রেতা আশুক আহমদকে (৬৫ পিতা মৃত আয়াজ আলী, দক্ষিণ বিপক, জকিগঞ্জ, সিলেট) ইয়াবা বিক্রির ১৩ হাজার টাকা সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারা মোতাবেক পৃথক পৃথক মাদক মামলা রুজু এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।