জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চলছে নানান হিসাব নিকাশ

প্রকাশিত April 3, 2024
জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চলছে নানান হিসাব নিকাশ

জকিগঞ্জ প্রতিনিধি : সারা দেশে এখন উপজেলা পরিষদ নির্বাচনী আমেজ। আগামী ১৮ মে অনুুষ্ঠিত হবে সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী, কর্মী, সমর্থক এমনকি সাধারণ ভোটারদের মাঝেও হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে।
জকিগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরীর আবারও প্রার্থী হওয়া অনেকটা নিশ্চিত। তাই সদ্যপ্রাক্তন সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের সমর্থনপুষ্ট এই প্রভাবশালী প্রার্থীর বিরুদ্ধে কে কে প্রতিদ্বন্দ্বী হচ্ছেন সেটাই এখন জকিগঞ্জের নির্বাচনী মাঠের প্রধান আলোচ্য বিষয়।
জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগে রয়েছে তিনটি ধারা। অন্য দুই ধারার নেতৃত্বে রয়েছেন গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে দলীয় প্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও স্বতন্ত্র প্রার্থী জেলা জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনজিও ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল কবির। মাসুক উদ্দিন আহমদের পক্ষের প্রার্থী কে হতে পারেন তা স্পষ্ট না হলেও ড আহমদ আল কবিরের পক্ষ থেকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সাবেক জেলা পরিষদ সদস্য শামীম আহমদ কিংবা ড আহমদ আল কবিরের ছোট ভাই ড আহমদ আল ওয়ালী প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, রমনা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল মনির চৌধুরীও বলয়মুক্ত প্রার্থী হতে পারেন।
অন্যদিকে বিএনপির সিলেট জেলা সহসভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জাতীয় যুব সংহতির জেলা সভাপতি মর্তুজা আহমদ চৌধুরী, জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট সিরাজুল হক ও আব্দুস শুকুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, উপজেলা কওমি মাদারাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান এবং কসকনকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল মন্নান লস্করের ছেলে ফারুক আহমদ লস্কর প্রার্থী হচ্ছেন বলেও শোনা যাচ্ছে।
তবে সবার লক্ষ্য বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। নানান দিক থেকে জনপ্রিয়তায় এগিয়ে আছেন তিনি। তাই তার বিরুদ্ধে সম্মিলিত একক প্রার্থী দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। বরং তাকে ঠেকাতে বিরোধীবলয় কোমর বেঁধেই মাঠে নেমেছে। এক্ষেত্রে মুফতি আবুল হাসানের নামই বেশি উচ্চরিত হচ্ছে।
একজন ধর্মীয় নেতা হিসাবে জকিগঞ্জে মুফতি আবুল হাসানের ভাবমূর্তি খুবই উজ্জ্বল। তার মামা মাওলানা উবায়দুল হক উজিরপুরী একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই পরিচয়ও তাকে এগিয়ে রেখেছে। লোকমান উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তিনি সম্মিলিত প্রার্থী হলে কাঙ্ক্ষিত ফল হাতের মুঠোয় ধরা দিতে পারে বলে লোকমানবিরোধী পক্ষ মনে করছে।
সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের ঘনিষ্ঠজন হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী উপজেলা জুড়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। দলেও তৃণমূল পর্যায়ে রয়েছে তার গ্রহণযোগ্যতা। এছাড়া আনজুমানে আল ইসলাহ সমর্থিত কোনো প্রার্থী না থাকলে তিনি ফুলতলী সমর্থকদের সমর্থন পাবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীও তাকে পছন্দের তালিকায় রাখবে-এমন ধারণাও অমূলক নয়।
লোকমান উদ্দিন চৌধুরী জানালেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন মানুষের কল্যাণে কাজ করতে। আবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন।
অন্যদিকে মুফতি আবুল হাসান জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেকে তাকে উৎসাহিত করছেন। তবে তিনি এ ব্যাপারে এখনও চূড়ান্ত কিছু ভাবেননি।
ইকবাল আহমদ তাপাদার বলেন, চেয়ারম্যান থাকাকালে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার সমর্থক ও শুভার্থীরা তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পরামর্শ দিচ্ছেন।