জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাসের মেধাবৃত্তি বিতরণ

প্রকাশিত February 15, 2026
জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাসের মেধাবৃত্তি বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি : হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৪১তম মেধাবৃত্তি বিরতণ করা হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি/২ ফাল্গুন) সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক স্তরে ৩০৪ জন এবং প্রাথমিক স্তরে ৩৭১ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
প্রতিভা নিবাসের শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট সভাপতি মেজর (অব) নাজিম উদ্দিন মজুমদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের পরিচালক, হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি রানা লায়লা হাফিজ। বিশেষ অতিথি ছিলেন স্কলার্সহোম সিলেটের কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী, স্কলার্সহোম শাহী ঈদগা ক্যাম্পাসের অধ্যক্ষ লে কর্নেল (অব) মুনির আহমদ কাদেরী, স্কলার্সহোম মেজরটিলার অধ্যক্ষ মো ফয়জুল হক, স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল টিলাগড়ের অধ্যক্ষ আখতারি বেগম, স্কলার্সহোম দক্ষিণ সুরমার প্রফেসর আবুল আনাম মো রিয়াজ, স্কলার্সহোম গার্লস কলেজ পাঠানাটুলার অধ্যক্ষ মো আব্দুল আজিজ, স্কলার্সহোস প্রিপারেটরি স্কুল পাঠানটুলার অধ্যক্ষ জেবুন নেছা জীবন, নূরুজ্জামান তাপাদার পিন্টু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস ছবুর ও জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমান। সঞ্চালনায় ছিলেন শিক্ষা ট্রাস্টের সহকারী সচিব শুভ্রকান্তি দাস চন্দন।
মেজর (অব) নাজিম উদ্দিন মজুমদার বলেন, শিক্ষাই একটি জাতির প্রকৃত শক্তি। এই বৃত্তি কার্যক্রম মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধকে জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে রানা লায়লা হাফিজ বলেন, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট দীর্ঘদিন ধরে যে শিক্ষাবান্ধব ও মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে তা সমাজের জন্য অনুকরণীয়।
তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহবান জানান।