জকিগঞ্জে বিয়ের গাড়ির সঙ্গে টমটমের সংঘর্ষে নিহত ১ আহত বর কনে ও শিশু সহ ৮ জন

প্রকাশিত June 18, 2025
জকিগঞ্জে বিয়ের গাড়ির সঙ্গে টমটমের সংঘর্ষে নিহত ১ আহত বর কনে ও শিশু সহ ৮ জন

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় বরযাত্রীবাহী গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা টমটমের মুখোমুখি সংঘর্ষে টমটম চালক নিহত ও বর, কনে ও শিশু সহ অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৮ জুন/৪ আষাঢ়) বিকেলে কসকনকপুর ইউনিয়ন অফিস বাজার এলাকার জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত টমটম চালক শাহাবুদ্দিন সাবু (৪৮) উপজেলার বারঠাকুরী ইউনিয়নের লাড়িগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাসারের একটি কমিউনিটি সেন্টারে মানিকপুর ইউনিয়নের বল্লাহ গ্রামের জামাল আহমদের ছেলে আবুল কালামের সঙ্গে কাজলসার ইউনিয়নের কড়ইমুড়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে রোজিনা আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে কনে নিয়ে বরের বাড়ি ফেরার পথে বর-কনেকে বহনকারী মাইক্রোবাসটি ইউনিয়ন অফিস বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক শাহাবুদ্দিন সাবু নিহত হন। এলাকার লোকজন আহতদেরকে উদ্ধার করে সোনাসার রাগীব রাবেয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও টমটম জব্দ করে।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, দুর্ঘটনায় চার শিশু সহ গুরুতর আহত ৮ জনকে সিলেট পাঠানো হয়েছে।