জকিগঞ্জে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী || একজনকে ধরে থানায় দিলো ছাত্র-জনতা

প্রকাশিত September 12, 2024
জকিগঞ্জে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী || একজনকে ধরে থানায় দিলো ছাত্র-জনতা

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজীর অভিযোগে জুবের আহমদ নামের একজনকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আটক করে থানায় সোপর্দ করেছে।
বুধবার, ১১ সেপ্টেম্বর রাতে তাকে আটক করা হয়। জুবের আহমদ জকিগঞ্জ পৌরসভার গন্ধদত্ত গ্রামের জামাল আহমদের ছেলে। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা রয়েছে।
এলাকার বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ জানান, পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে জুবের আহমদসহ একটি চক্র চুরি-ডাকাতি-ছিনতাইয়ের পাশাপাশ বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজী করছে।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি ইকবাল আহমদ তাপাদার জানান, বিএনপির পরিচয় দিয়ে যারাই অপকর্মের সঙ্গে জড়িত হবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে।
জকিগঞ্জ থানার ওসি মো আব্দুল লতিফ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা জুবের আহমদকে আটক করে থানায় সোপর্দ করলে বৃহস্পতিবার তাকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।