জকিগঞ্জে চাঞ্চল্যকর লিচু হত্যা মামলার মূল হোতাসহ ৩ আসামি নিঝুম দ্বীপ থেকে গ্রেফতার

প্রকাশিত September 28, 2023
জকিগঞ্জে চাঞ্চল্যকর লিচু হত্যা মামলার মূল হোতাসহ ৩ আসামি নিঝুম দ্বীপ থেকে গ্রেফতার

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর আবুল হোসেন লিচু হত্যা মামলার এফআইআরভুক্ত প্রধান আসামিসহ ৩ জনকে নোয়াখালির দুর্গম নিঝুম দ্বীপ থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রামের ছোয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২৫) এবং মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ (২২) ও জুবেল আহমদ (২৫)।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই লিটন চন্দ্র রায়ের নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল করে বুধবার, ২৭ সেপ্টেম্বর সকালে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে জকিগঞ্জ থানায় নিয়ে আসে।
গত ২২ সেপ্টেম্বর জমিজমা নিয়ে শত্রুতার জের ধরে মঙ্গলশাহ গ্রামের মৃত সইয়ব আলীর ছেলে আবুল হোসেন লিচুকে তার বাড়িতেই পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সারমিন বেগম সুমী বাদি হয়ে একই গ্রামের ছোয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ, মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ, জুবেল আহমদ ও হেলাল আহমদ, রজব আলীর ছেলে নজমুল আহমদ, মৃত আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া, ছোয়াব আলীর স্ত্রী চায়না বেগম, হাবিব আলীর মেয়ে মনি বেগম, মৃত রজব আলীর স্ত্রী পিয়ারা বেগম, দরগাবাহারপুর গ্রামের মৃত হুতু মিয়ার ছেলে আফতাব উদ্দিন এবং জামুরাইল পশ্চিম গোটারগ্রামের মৃত মছদ্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগমকে আসামি করে থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আবুল হোসেন লিচুর চাচাতো বোনের দিকের ভাগ্নে জাকারিয়া আহমদ উপজেলার নোয়াগ্রাম থেকে এসে তার মায়ের মৌরসী ভূমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করছে। তবে দীর্ঘদিন থেকেই আবুল হোসেন লিচু ও জাকারিয়া আহমদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে হত্যাকাণ্ডের আগের দিন মারধর ও হত্যার হুমকির ঘটনায় আবুল হোসেন লিচু থানায় লিখিত অভিযোগ দেন।
পরদিন আবুল হোসেন লিচুর বাড়িতে এসে তার ছোট ছেলেকে পেয়ে মেরে ফেলবে বলে হুমকি দেয় প্রতিপক্ষ। এ সময় আবুল হোসেন লিচু সন্তানকে উদ্ধার করতে গেলে তাকে পিটিয়ে আহত করা হয়। আশেপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় আবুল হোসেন লিচুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ওসি মো জাবেদ মাসুদ জানান, এ হত্যাকাণ্ডের মামলায় মূলহোতাসহ এযাবৎ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ তিনজনের আগে চায়না বেগমকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।