নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নে নজিরবিহীন ভোট জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে ১০ জন সদস্য প্রার্থী পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।
সোমবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীরশ্রী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো আব্দুল আহাদ বলেন, পঞ্চমধাপে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়; কিন্তু বীরশ্রী ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা রাজীব চক্রবর্তী ও প্রিসাইডিং অফিসারদের যোগসাজশে ভোট জালিয়াতি নজিরবিহীন ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে তিনি ৯ নম্বর ওয়ার্ডে সোনাপুর সুপ্রাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০০ ব্যালেট পেপার কম আসার কথা বলে ব্যালেট পেপার ফটোকপি করে ভোট গ্রহণ, শহীদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ সদস্যের নির্ধারিত রঙের পরিবর্তে ভিন্ন রঙের ব্যালেট পেপার ব্যবহার, গুরুসদয় উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসারে নেতৃত্বে ভোট গণনার সময় ব্যাগে ও পকেটে করে নিয়ে আসা শতাধিক সিলমারা ব্যালেট পেপার মেশানোর ঘটনার উল্লেখ করেন।
তিনি আরও জানান, একইভাবে কোনাগ্রাম বারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, শেরুলবাগ উচ্চবিদ্যালয় কেন্দ্র, পশ্চিম জামডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পূর্ব জামডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বড়পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও রঘুরাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বীরশ্রী ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসারের নির্দেশে প্রিসাইডিং অফিসাররা প্রতিটি কেন্দ্রে ‘চুক্তিমতো’ নিজেদের পছন্দের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যের প্রতীকে সিল মেরে গোপনে ২০০ করে ব্যালেট পেপার ঢুকিয়ে দেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কোন কোন প্রার্থীর পক্ষে আগের রাতেই ব্যালেট পেপারে সিল মেরে দিয়ে দেওয়া হয়। ভোটের দিন প্রার্থীর কর্মী ও সমর্থকরা নিজেদের ভোটের সঙ্গে আগের রাতে সিলমারা ৪/৫টি করে ভোট বাক্সে ঢুকিয়ে দেন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বারহাল ও কাজলসার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা মো আরিফুল হক এবং জকিগঞ্জ, সুলতানপুর ও বারঠাকুরী ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকিব সিলমারা ৪ শতাধিক ও সিল ছাড়া ৪ শতাধিক ব্যালট পেপারসহ গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নির্বাচনের দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। জকিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ভোট গ্রহণের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল; কিন্তু ভোট গ্রহণের দিন তাদের অনেককে দায়িত্ব না দিয়ে নিজেদের অনুগতদের দায়িত্ব দেওয়া হয়।
পুনঃনির্বাচন না দিলে এই প্রার্থীরা আইনের আশ্রয় নেবেল বলে জানান।