নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ছাত্রজনতার দুর্বার আন্দোলনে রাষ্ট্রক্ষমতা পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশের বাইরে চলে গেছেন শেখ হাসিনা। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার, ৫ আগস্ট (২১ শ্রাবণ) দুপুরের পর থেকেই দৃশপট পাল্টে যেতে থাকে। অনির্দিষ্টকালের কারফিউ জারি থাকলেও সকাল থেকে ছাত্রজনতা রাজপথে নামতে চেষ্টা চালাতে থাকে; কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা বাধাগ্রস্ত হয়।
তবে দুপুর ১টার দিকে গণমাধ্যমে সেনাপ্রধানের বক্তব্য দেওয়ার খবর প্রচারিত হওয়ামাত্র কারফিউ উপেক্ষা করেই ছাত্রজনতা রাজপথে নেমে আসে। এ সময় আর আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা দিতে দেখা যায়নি।
এরপর থেকে নতুন নতুন খবর আসতে থাকে। উৎফুল্ল জনস্রোত নামতে থাকে রাজপথে। সববয়সের মানুষ উল্লাস প্রকাশ করতে থাকেন।
সিলেটে ছাত্র-জনতা তুমুল বৃষ্টি উপেক্ষা করে নেমে আসে রাজপথে। চৌহাট্টা পয়েন্টসহ বিভিন্ন এলাকায় মিলিত হয়ে সবাই উল্লাস প্রকাশ করেন।
বিকেল ৪টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গণমাধ্যমে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে জানান, তিনি কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তৈরি করেছেন। নিয়ে যাবেন রাষ্ট্রপতির কাছে। তার অনুমোদন পাওয়ার পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে।
সেনাপ্রধান সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে নিশ্চিত করেন, সকল হত্যা ও অন্যায়ের বিচার করা হবে।