গ্রিসে বাংলাদেশী অনিয়মিত অভিবাসীদের দুর্দিন : সংগঠনগুলোর নীরবতায় হতাশা

প্রকাশিত March 28, 2022
গ্রিসে বাংলাদেশী অনিয়মিত অভিবাসীদের দুর্দিন : সংগঠনগুলোর নীরবতায় হতাশা

মতিউর রহমান মুন্না, গ্রিস : গ্রিসে অনিয়মিত অভিবাসীরা মানবেতর জীবনযাপন করছেন। অনেকটা গৃহবন্দি তারা। কারণ বাইরে বের হলেই পুলিশি হয়রানি। চলছে ধরপাকড়। তবে বাংলাদেশী নাগরিকরা যেন মূল লক্ষ্য হয়ে পড়েছেন।
গ্রিসে বাংলাদেশীরা বর্ণ-বৈষম্যের চরম শিকার। তারউপর অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানো। ইতোমধ্যে ১৯ জনকে ফেরত পাঠানোর ঘটনায় আতঙ্কিত সবাই। অথচ এই দুর্দিনে তাদের অবস্থা দেখার মতো-তাদেরকে শান্তনা দেওয়ার মতো যেন কেউ নেই।
বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস সহ রাজনৈতিক ও সামাজিক ছোট বড় বহু সংগঠন থাকলেও রাজপথে কেউ নেই। খানিকটা সক্রিয় ‘প্রবাসী অধিকার পরিষদ গ্রিস’। অন্যান্য সংগঠনের নীরবতায় প্রবাসীরা হতাশ হয়ে পড়েছেন।
প্রতি বছরের ন্যায় এবারও ১৯ মার্চ বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনে নামেন গ্রিস প্রবাসী কিছু বাংলাদেশী সহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসন প্রত্যাসীরা। এ দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন সহ কিছু বামপন্থী রাজনৈতিক দলও মিছিলে অংশ নেয়।
এছাড়া বেশ কিছুদিন ধরে বাংলাদেশী প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠানে ও বাসায় চুরি-ডাকাতি হচ্ছে। রাস্তায় প্রকাশ্যে ঘটছে ছিনতাইয়ের ঘটনা; কিন্তু সভ্যতার পীঠস্থান খ্যাত দেশে কোন বিচার মিলছেনা।
পুুলিশের তথ্য বলছে, সপ্তাহখানেক আগে অভিযান শুরু হয়। এ পর্যন্ত আটক করা হয়েছে ২ হাজার ৫০০ জনকে, যার মধ্যে বেশিরভাগই বাংলাদেশী এবং ৬০০ জনের বেশি অনিয়মিত অর্থাৎ তাদের বৈধ কাগজপত্র নেই। তাদেরকে ডিপোর্টেশন সেন্টারে পাঠানো হয়েছে।
অভিবাসী বিষয়ক গণমাধ্যম ‘ইনফোমাইগ্রেন্টস’ জানায়, এথেন্সে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে তারা বাংলাদেশী অভিবাসীদের গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য পায়নি। একজন কর্মকর্তা বলেন, তাদের জানা মতে, গ্রিক পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এ ধরনের কাজে বাংলাদেশীদের সংশ্লিষ্টতা নেই। তাই তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নেই। তবে বাংলাদেশী অনেকে অনিয়মিত অভিবাসী হওয়ায় কেউ ধরপাকড়ের মধ্যে পড়ে যেতে পারেন।
দূতাবাস সূত্র জানিয়েছে, গ্রিসের অনানুষ্ঠানিক খাতে বছরে বিদেশী শ্রমিক লাগে ১৫ হাজার। একটি চুক্তি অনুযায়ী ৪ হাজার নেবে বাংলাদেশ থেকে। বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে, গ্রিসে বাংলাদেশী অনিয়মিত অভিবাসীদেরকে পর্যায়ক্রমে নিয়মিত করে নেওয়ার জন্য। ভিসা প্রদানের ক্ষেত্রেও তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই বিষয়ে দূতাবাস গ্রিস কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।
গ্রিসের আশ্রয় ও অভিবাসন মন্ত্রী নটিচ মিতারাকিস বলেছেন, সংসদে প্রস্তাব পাশ হলে বাংলাদেশ থেকে চুক্তি অনুযায়ী মৌসুমী ভিসায় কর্মী আনা হবে। একই সঙ্গে অবৈধভাবে তাদের দেশে প্রবেশকারী বাংলাদেশী অভিবাসীদের দ্রুত বহিষ্কারে ব্যবস্থা নেওয়া হবে।