নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস ও ঈদের বাজারে ভোক্তা হয়রানি বন্ধ করতে সারা দেশের ন্যয় সিলেটেও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে।
মঙ্গলবার অভিযান চালানো হয়, ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে। সেখানে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের শুরুতেই খাবারে নিষিদ্ধ রঙ ও রাসায়নিক দ্রব্য মিশ্রণের অপরাধে মা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মাধবী মিষ্টিঘরে অভিযানকালে দেখা যায়, একজন স্থানীয় ভোক্তা প্রতিষ্ঠানটি থেকে ৫ কেজি মিষ্টান্ন কিনে যথারীতি টাকা পরিশোধ করছেন; কিন্তু ভোক্তার হাতে থাকা মিষ্টান্নের প্যাকেট থেকে মিষ্টান্নগুলো বের করে এই প্রতিষ্ঠানেরই ওজন মাপার যন্ত্রে উঠালে দেখা যায়, ওজন প্রায় ৫০০ গ্রাম কম। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার অঙ্গীকার ব্যক্ত করলে ওজনে কারচুপির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গোয়ালাবাজারের বিভিন্ন শাড়ি, কাপড়, জুতা ও কসমেটিকসের দোকানে অভিযানকালে কাপড়ের গায়ে মূল্য না লিখে গোপন কোড লেখার অপরাধে রহমানীয়া শাড়িঘরকে ১ হাজার টাকা এবং ১ হাজার টাকায় কেনা শাড়িতে ২ হাজার ৯০০ টাকা লিখে অতিরিক্ত মূল্য ১ হাজার ৯০০ টাকা দাবির অপরাধে সিটি ফ্যাশন এন্ড ফেব্রিক্সকে আরো ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল র্যাব-৯ এর একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।