গোলাপগঞ্জে চাঞ্চল্যকর তাজেল হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত October 30, 2023
গোলাপগঞ্জে চাঞ্চল্যকর তাজেল হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় তাজেল আহমদ (১৯) হত্যা মামলার প্রধান আসামি অপু আহমদ (২০) গ্রেফতার হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল সোমবার, ৩০ অক্টোবর বিকেলে চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো নূর মিয়ার নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার জলডুপ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
অপু আহমদ গোলাপগঞ্জ উপজেলার কদমরসুল গ্রামের সুফিল আহমদের ছেলে। অভিযানে থানার এসআই ফায়াজ উদ্দিন ফয়েজ ও ফোর্স অংশগ্রহণ করে।
সিলেট জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহার সূত্র অনুযায়ী, হত্যাকাণ্ডের কিছুদিন পূর্বে ফেসবুকে লেখালেখি নিয়ে অপু আহমদ ও তাজেল আহমদের (১৯, পিতা ময়েন আহমদ, আমুড়া, গোলাপগঞ্জ) কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত ১৯ অক্টোবর সন্ধ্যা অনুমান ৭টায় অপু আহমদ ও তার সঙ্গীরা তাজেল আহমদকে আমনিয়া ঈদগার পশ্চিমে পাকা রাস্তার উপর পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে তার বুকের উপর উঠে ধারালো অস্ত্র দিয়ে গলার বাম পাশে রক্তনালী ও খাদ্যনালী কেটে দেয়।
এ অবস্থায় তাজেল আহমদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।