নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দুদফা সংঘর্ষে ৩ জন মারা গেছেন।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তবে জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
বিভিন্ন সূত্রে জানা গেছে, রবিবার, ৪ আগস্ট (২০ শ্রাবণ) দুপুর একটার দিকে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ হয়। এক পর্যায়ে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নাজমুল ইসলাম (২৭) গুলিবিদ্ধ হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।
এছাড়া দুপুর দুইটার দিকে উপজেলার ধারাবহর এলাকায় অবস্থিত গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাঁধে। এ সময় গুলিবিদ্ধ হন ধারাবহর গ্রামের ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও শিলঘাটের সানি আহমদ (১৮)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে সকাল থেকে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার ও জেল রোড সহ কয়েকটি এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে আহত হন কমপক্ষে ১৫ জন। কয়েক পুলিশ সদস্যও আহত হয়েছেন।
এক পর্যায়ে জিন্দাবাজার পয়েন্ট এলাকায় একাত্তর টেলিভিশনের প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদ ও ক্যামেরাপার্সন তারেক আহমদ হামলার শিকার হন। তাদের সঙ্গে থাকা ক্যামেরাও ভেঙ্গে ফেলা হয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, কোর্ট পয়েন্ট ও শাহী ঈদগা এলাকায় শান্তি সমাবেশ করেছে।