গুজব ছড়ানোর অপকর্মে জড়িতদের আইনের আওতায় আনার আহবান আনোয়ারুজ্জামানের

প্রকাশিত August 7, 2023
গুজব ছড়ানোর অপকর্মে জড়িতদের আইনের আওতায় আনার আহবান আনোয়ারুজ্জামানের

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট আধ্যাত্মিক নগরী; কিন্তু রবিবার রাতে বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে কিছু লোক হজরত শাহজালাল (র) ও হজরত শাহপরানের (র) স্মৃতি বিজড়িত শান্তির জনপদ সিলেটকে অশান্ত করার হীন প্রচেষ্টা চালিয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সঙ্গে দ্রুত পরিস্থিতি সামাল দিতে সফল হয়।
মেয়র গুজব ছড়ানোর মতো অপকর্মে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।
যুক্তরাজ্য সফর ও ঢাকায় দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণ শেষে সোমবার, ৭ জুলাই দুপুরে সিলেটে ফিরেই আনোয়ারুজ্জামান চৌধুরী সরাসরি আখালিয়া এলাকার ধানুহাটারপাড়ায় সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শনে যান।
পরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে মেয়র আরও বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে, যাতে সিলেটের মানুষের কোনো ক্ষতি না হয়। এছাড়া ঢাকা থেকে আইজিপি খোঁজখবর নিচ্ছিলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী নগরবাসীর উদ্দেশ্যে বলেন, কোনো কিছু ঘটলে বা ফেসবুকে কিছু দেখলেই যেন কেউ উত্তেজিত বা উদ্বিগ্ন না হন। আগে বিষয়টির সত্যতা যাচাই করা প্রয়োজন। মহল বিশেষের চক্রান্ত সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।
মেয়রের পরিদর্শনকালে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম সহ আইনশৃঙ্খলা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।